
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
১৬ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে থানা ভবন চত্বরে এক “সুধী সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
মতবিনিময় সভায় ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
বিশেষ করে— মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের চলমান ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযানের বিষয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
সুধী সমাবেশ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় বটিয়াঘাটা থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ বৈঠকে মিলিত হন এবং পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।।