
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম ৩ নম্বর ওয়ার্ডে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনকে মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন, দিঘলিয়া, খুলনা। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরবাড়ি ও জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সহায়তা তাদের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভবিষ্যতেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে।।