
(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
খুলনা–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচনী মাঠে নামার পর সাধারণ ভোটাররা বিএনপিকে হাস্যোজ্জ্বল মুখে গ্রহণ করছেন, যা গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে জনসমর্থনেরই প্রতিফলন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রূপসা স্ট্যান্ড রোড, চানমারী বাজার, খ্রিস্টানপাড়া ও আশপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও জনপ্রিয় দল। দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের ভোটাধিকার ও ন্যায্য দাবির জন্য রাজপথে আন্দোলন করেছে বিএনপি। সেই সংগ্রামের ফলেই আজ মানুষ আবার ভোটের স্বপ্ন দেখছে। তিনি বলেন, ‘মানুষ চায় জনপ্রিয় দল বিএনপির প্রার্থীরাই নির্বাচিত হোক। আমরা বিশ্বাস করি, বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মঞ্জু বলেন, দেশের মানুষের কাছে তিনি এখনো সবচেয়ে জনপ্রিয় নেতা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথ দেখাবে।
তিনি আরও বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ স্পষ্ট এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা বলেন, খুলনা–২ আসনে ধানের শীষের প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে এবং এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।।