
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করছে বিজিবি। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের সরদারপাড়া সীমান্তে নতুন বিওপি উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এর আগে প্যারেডের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় নবনির্মিত ক্যাম্পটিতে। পরে ক্যাম্প চত্বরে গাছের চারা রোপণ করেন রিজিয়ন কমান্ডার।
এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল, শেখ মোহাম্মদ বদরুদ্দোজাসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৯তম বিওপি। এই বিওপির কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের আশ্বাস প্রদান করে জানান, সীমান্তে চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও মানবপাচার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে।।