
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট, তেঁতুলতলা, মোড়ল মার্কেট ও কেবলঘাট হয়ে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিপাতে গর্তগুলো পানিতে ডুবে যায়, ফলে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং মরণফাঁদের সৃষ্টি হয়। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এব্যাপারে মোড়ল মার্কেট এলাকার স্থানীয় বাসিন্দা শেখ শামীমুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, দিঘলিয়ার বিভিন্ন এলাকায় বসবাসরত মানুষের চলাচলের প্রধান ব্যস্ততম সড়ক এটি। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী এবং রোগীবাহী যানবাহন এই রাস্তাটি ব্যবহার করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ও অন্যান্য হালকা যানবাহনের চালকরা ঝুঁকির কারণে অনেকেই এ সড়কে চলাচল করতে অনিচ্ছুক।
তিনি আরও বলেন, এই রাস্তা দিয়ে চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অসুস্থ রোগী, শিশু ও বয়স্ক মানুষ। জরুরি রোগী হাসপাতালে নেওয়ার সময় ভাঙাচোরা সড়কের কারণে বিলম্ব হচ্ছে। শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয় ও কলেজে যাতায়াত করছে।
এছাড়াও স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে এবং দুর্ঘটনা রোধে নগরঘাট থেকে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত পুরো সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। তাদের ভাষ্যমতে, একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়ে যাবে।।