
আবিদ আজাদ দিঘলিয়া থেকেঃ
খুলনার দিঘলিয়া উপজেলায় ছাত্র, যুব ও সুশীল সমাজের উদ্যোগে আজ শনিবার ( ১৩ জুন) বেলা ১১ টায় পথের বাজারে মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিঘলিয়া থানা অফিসার শাহ আলম, উপজেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান, মোল্লা দিদার হোসেন ,
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, কুদরতি এলাহী স্পিকার, সাবেক ইউপি সদস্য জিয়া, মোল্লা মাহামুদুল হাসান মিঠু, হাসিবুল ইসলাম সাদ্দাম, লিটন মোল্লা, ইউপি সদস্য পলি আক্তার, ঝর্না বেগম, শেখ, আতিকুল ইসলাম, রাতুল রায়হান, বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার সুধীজনেরাসহ আরো অনেকে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, মাদকের বিস্তার সমাজের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সমাজে মাদকবিরোধী আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান।
মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে “মাদককে না বলুন”, “যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করুন”, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই” এবং “মাদকমুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসুন”সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি সুস্থ, নিরাপদ ও উন্নত সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও প্রয়োজন রয়েছে।
আয়োজকদের আশা, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে তরুণ সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলন আরও শক্তিশালী হবে।।