
এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।
খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়ার পশ্চিম পাড়ার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলা চৌরাস্তা মোড়ে সাউথ ইস্ট ব্যাংকের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
খান আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সিদ্দিকুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে এম সাইফুর রহমান মিন্টু বলেন, বিগত সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও দুঃশাসনে আজ দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
শিক্ষিত যুবসমাজ বেকারত্বের অভিশাপে জর্জরিত, আর জনগণের ভোটাধিকার হরণ করে দেশে এক ধরনের ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। এম সাইফুর রহমান মিন্টু বলেন, বিএনপি কখনো সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের রাজনীতি করে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে ভৈরব নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ এক বছরের মধ্যেই সম্পন্ন করা হবে।
এই সেতু নির্মিত হলে দিঘলিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং এলাকায় অভূতপূর্ব উন্নয়নের দ্বার উন্মোচিত হবে।তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খুলনার মৃতপ্রায় শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করা হবে। বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপি সর্বদা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আগামী ১২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আজিজুল বারী হেলালকে জয়যুক্ত করার জন্য ভোটারদের আহ্বান জানান।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম রেজা, খান আরিফুর রহমান, হাফিজুর রহমান, ডাক্তার মিকাইল, কাওসার আহমেদ, শেখ হাবিবুর রহমান, কৃষক দলের নেতা মোজাফফর হোসেন, মহিলা নেত্রী রিনা পারভীনসহ আরও অনেকে। বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা—রাস্তাঘাটের বেহাল দশা, কর্মসংস্থানের অভাব, সামাজিক নিরাপত্তাহীনতা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, বিগত সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করলে জনগণের মৌলিক চাহিদা পূরণ হবে বলে বক্তারা উল্লেখ করেন।
বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং শেষে একটি সংক্ষিপ্ত মিছিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।।