
খুলনা জেলা প্রতিনিধি,।
খুলনার মহানগরীর লবণচরা থানা এলাকায় প্রতিবেশীদের বিরুদ্ধে হামলা,মারধর, চাঁদাবাজি ও ঘরের মালামাল ভাংচুরের অভিযোগ তুলেছেন
লবণচরা হোসেন সড়কের গুড মর্নিং প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মহামুদা সুলতানা (৪৭) নামের এক শিক্ষিকা। এ ঘটনায় তিনি গত ৪ ডিসেম্বর লবণচরা থানায়
নুসরাত জাহান (৪০) ও সুমনা খাতুন (২০) সহ ৬ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিরোধের জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত ৪ ডিসেম্বর দুপুরে তার স্বামী বাইরে থাকার সুযোগে অভিযুক্তরা পরিকল্পিত ভাবে তার স্কুলে হামলা চালায়। এ সময় তারা স্কুলের সহকারী শিক্ষিকা লুৎফুন্নাহার রিপাকে লাঞ্ছিত করে এবং মারধর করে। এসময় তারা ঘরের দরজা- জানালা ভাঙচুর এবং মূল্যবান মালামাল নষ্ট করে। অভিযোগ সুত্র অনুযায়ী, হামলাকারীরা তার কাছ থেকে ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং আরও ৩০ হাজার টাকার আসবাবপত্র ক্ষতি করে।
মহামুদা সুলতানা অভিযোগে আরও বলেন,তাকে প্রাণনাশের হুমকি দিয়ে স্কুল থেকে বের হয়ে যেতে বলা হয়। তিনি ভয়ে স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে লবনচরা থানা সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ তদন্ত করলে ঘটনার প্রকৃত সত্য উঠে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।।