
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা রেলস্টেশন থেকে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ৭ টার দিকে স্টেশন এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরা-ফেরা করার সময় ঐ যুবকে আটক করা হয়।আটককৃত যুবকের নাম মাসুদ মোল্লা। তিনি নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্টেশন এলাকায় সন্দেহ জনক ভাবে অবস্থান করায় মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বর্ণ বহনের বৈধ কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি দাবি করেন, ঢাকা থেকে খুলনায় এসে ট্রেনে নড়াইল যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার বক্তব্য ও উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এ অনুসন্ধান চালানো হচ্ছে। মামলাটি স্বর্ণ চোরাচালান বা এ ধরনের অপরাধসংক্রান্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া স্বর্ণের প্রকৃত উৎস, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তল্লাশির পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্রও সংরক্ষণ করা হয়েছে।
খুলনা রেলস্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেতু সালাম খান বলেন, “তিনটি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।।