
(রিপোর্টার মোঃ সোহেল রানা )
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনায় সম্ভাব্য সন্ত্রাস সৃষ্টিকারীদের একটি তালিকা প্রস্তুত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন ব্যক্তি ও গ্রুপগুলোকে চিহ্নিত করে তৈরি করা হয়েছে এই তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহারের পরপরই তালিকাভুক্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গেল মাসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট আ.স.ম জামশেদ খোন্দকার। সভায় উপস্থিত একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি বলেন,
নির্বাচনকে কেন্দ্র করে যারা সন্ত্রাস সৃষ্টি করতে পারে, এমন দুর্বৃত্তদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই তালিকাটি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হবে। মনোনয়ন প্রত্যাহারের পরপরই তালিকাভুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। তিনি আরও বলেন, গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে গণভোট নিয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। আমরা আশা করছি দ্রুত এসব বিভ্রান্তির অবসান ঘটবে।
সভায় সিদ্ধান্ত হয় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার, কেপিআই এলাকায় সিসিটিভি স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার এবং যৌথ বাহিনীর টহল বৃদ্ধি করা হবে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) অমিত বর্মণ বলেন, নগরীতে চেক পোস্টের সংখ্যা বাড়ানো হবে। যেকোনো বিশেষ পরিস্থিতিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে।
র্যাবের উপ-অধিনায়ক মেজর মোঃ নজরুল ইসলাম বলেন, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ১৩০ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। মোবাইল কোর্ট ও চেকপোস্ট সার্বক্ষণিক চালু থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান জানান, প্রত্যেক উপজেলায় ২০ জন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠপর্যায়ে অবস্থান করবেন।
নৌ পুলিশের সহকারী সুপার মোঃ সাদিকুর রহমান বলেন, নদী পথে সার্বক্ষণিক নজরদারি ও নৌ টহল থাকবে। কয়রার আমাদী ও দক্ষিণ বেদকাশিতে ৯৫ জন এবং তেরখাদা ও দিঘলিয়া এলাকায় দুই শতাধিক নৌ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।।