
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিঘলিয়ায় আনসার ও ভিডিপির সদস্যরা সর্বদা সরব ভূমিকায় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম বলেন, এই নির্বাচন আমাদের কাছে আমানত এই আমানত আমাদেরই রক্ষা করতে হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে আমাদেরই মোকাবেলা করতে হবে। বিগত বছরের নির্বাচনের মতো আনসার ভিডিপির গায়ে কোনো প্রকার কলঙ্ক লাগাতে দেওয়া যাবেনা। তিনি রবিবার(৮ ফেব্রুয়ারী) বেলা ১টার সময় সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনে যে সকল আনসার ভিডিপির সদস্যরা দায়িত্বে থাকবেন তারা কারও কাছ থেকে কোনো প্রকার কিছুই খাবেন না কিছু নিবেনও না। এবছরে আনসার ভিডিপিতে নিয়োজিত সদস্যরা AVMIS’ (Ansar & VDP Management Information System) নামক একটি স্মার্ট অ্যাপ ব্যবহার করবেন। সেকশন কমান্ডাররা এই অ্যাপের মাধ্যমে কেন্দ্রের পরিস্থিতির খবরাখবর সরাসরি সদর দপ্তরকে অবহিত করতে পারবেন। নির্বাচনের মাঠে কোনো প্রকার সমস্যা দেখা দিলে সাথে সাথে এই অ্যাপের মাধ্যমে অবহৃত করতে পারবে। তিনি নির্বাচনে নিয়োজিত আনসার ভিডিপির সদস্যদের নির্বিঘ্নে কাজ করার আহবান জানান।
দিঘলিয়া উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ৫২টি কেন্দ্র রয়েছে। ৫২টি কেন্দ্রে আনসার ও ভিডিপির ৫২টি গ্রুপে ১৩জন করে মোট ৬৭৬জন দায়িত্বে কর্মরত থাকবে বলে জানিয়েছেন আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম। প্রতিটা ভোট কেন্দ্রে আনসার ভিডিপির ১৩ সদস্যের মধ্যে ৬জন পুরুষ, ৪জন মহিলা এবং ১জন সেকশন কমান্ডার ও ২জন সহকারী সেকশন কমান্ডারের মধ্যে ১ জন পিজাইডিং অফিসারের নিরাপত্তায় সশস্ত্রে নিয়োজিত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন। এসময়ে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, প্রচার সম্পাদক বেনজির আহমেদ মুকুল, তথ্য বিষয়ক সম্পাদক সোহাগ বিশ্বাস, সদস্য জাহিদ হাসান, মুহাসিন প্রমুখ।।