
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম সেবা বলেন, দিঘলিয়া উপজেলার যেখানেই ইভটিজিং এবং মাদকের ঘটনা ঘটবে পুলিশ সেখানেই কঠোর অবস্থান গ্রহণ করবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। তিনি মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মাদক অপরাধে জড়িত কোনো ব্যক্তির পক্ষে কেউ সুপারিশ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে সে বিষয়ে পরিবারের সচেতন নজরদারি প্রয়োজন। বিশেষ করে সন্ধ্যার পর অপ্রয়োজনীয় আড্ডা ও অনিয়ন্ত্রিত চলাফেরা রোধে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার(৪ জুন) বেলা ১২টায় থানা চত্বরে দিঘলিয়া থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ৫ই আগষ্টের পর পুলিশ কিছুটা ঝিমিয়ে পরেছিলো তবে এখন খুবই তৎপর। এই দেশকে দেশের মানুষকে ভালোবাসার জন্য যা যা প্রয়োজন আমরা সবাই একযোগে কাজ করবো ইনশাআল্লাহ।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এ সাইফুল ইসলাম। সুধী সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ সহ নানা শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন এস আই আদর্শ কুমার দাস। দিঘলিয়া থানা পুলিশের আয়োজনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সুধী সমাবেশের সভাপতি মোঃ শাহ্ আলম সমাপনী বক্তব্যে বলেন, আজকের এ সুধী সমাবেশ পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধনস্বরূপ। এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করা। আইনশৃঙ্খলা রক্ষা শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়, এটি সমাজের সকল মানুষের সম্মিলিত দায়িত্ব। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে জনগণের সক্রিয় সহযোগিতার আহবান জানান।