
এম এ শাহিন হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়ায় স্বাস্থ্যসহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার আগের রাতে ১৮ থেকে ২২ লাখ টাকায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক কর্মকর্তা গভীর রাতে তার বাড়িতে রোগী পরিবহনের গাড়ী ব্যবহার করে কয়েকজন প্রার্থীর কাছে প্রশ্নপত্র সরবরাহ করেছেন।
এ নিয়োগ পরীক্ষায় রাজস্ব খাতের ৩য় ও ৪র্থ শ্রেণির (১১-২০ গ্রেড) মোট ৭টি ক্যাটাগরিতে ১১৫ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুধু স্বাস্থ্য সহকারী পদেই ৯৭টি শূন্য পদ রয়েছে। সব মিলিয়ে কয়েক হাজার প্রার্থী আবেদন করেন। সিভিল সার্জন ডা: শেখ মোহম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ধরে আবেদন কারীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা যথাযথ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।।