
মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আয়শা, যিনি আব্দুল্লার স্ত্রী।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য সদর কোম্পানির একটি আভিযানিক দল মোতায়েন করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
র্যাবের দাবি, গণনা করে তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
র্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে উদ্ধার হওয়া ইয়াবাসহ তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।।