মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা জেলার সুন্দরবনের জলদস্যু, অস্ত্রধারী সন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ওরফে খানজাহানকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২রা জুলাই ২০২৬ ইং তারিখ, দুপুর ১৬:০০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন দক্ষিণ বেতকাশি ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অস্ত্রধারী জলদস্যুর নাম *আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)*। সে খুলনা জেলার দাকোপ থানাধীন জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। অভিযানকালে ধৃত আসামির হেফাযত হতে পৃথক দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ছত্রিশ রাউন্ড তাজা সীসা বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামি আজহারুল ইসলাম @ খানজাহান (৪০) একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী, জলদস্যু। তার পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানা ও সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে খুলনা জেলার কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.