পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রম অধিদপ্তরের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১মে) পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর (এমপি) ।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, "পিরোজপুরসহ দেশের প্রতিটি থানায় দেখা যায় শুধু লাইন ধরে অটো-রিকশা বা ইজি বাইক চলছে, অন্য কোনো পেশার বৈচিত্র্য নেই। সরকার এই পরিস্থিতি পরিবর্তনের জন্য বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে"।
তিনি আরও উল্লেখ করেন, "আমাদের দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে কেবল ক্লিনার বা ঝাড়ুদারের কাজ করেন বলে তাদের বেতন ও মর্যাদা কম থাকে। কিন্তু যদি কেউ প্লাম্বার, কার্পেন্টার বা ইলেকট্রিশিয়ানের মতো ৩ থেকে ৬ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেট নিয়ে দক্ষ হয়ে বিদেশে যায়, তবে দেশ ও বিদেশের বাজারে তাদের চাহিদা এবং পারিশ্রমিক বহুগুণ বেড়ে যাবে। এজন্য সরকার পিরোজপুরের ভাণ্ডারিয়াসহ সারা দেশে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তুলছে"।
এছাড়াও তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।পিরোজপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর এর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর এর সিভিল সার্জন ডা. মো: মতিউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি,জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান,সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন,সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার আহ্বান জানান। এছাড়া কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ঝুঁকি হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার প্রতি জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে পিরোজপুর কৃষ্ণচূড়ার মোড় থেকে মহান মে দিবস উপলক্ষে একটি বর্ণনাঢ্য র্যালি শুরু হয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এসেছে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.