নিউজ ডেস্ক ঃ
চট্টগ্রাম, ০১ এপ্রিল ২০২৬: বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র সীমার সুরক্ষা ও সমুদ্র সুশাসন বজায় রাখতে সমুদ্রে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। টহলকালে নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে।

নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে গত ৩১ মার্চ ২০২৬ তারিখ বিকেলে নৌবাহিনীর একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আরোহীসহ ট্রলারটি উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নিয়ে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সকল জেলে সুস্থ রয়েছেন এবং নিরাপদ অবস্থানে আছেন। আজ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ উদ্ধার অভিযান নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.