মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর এক নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো বিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষার্থী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের গোকুল সেনোড়া গ্রামের ভ্যানচালক বিজন মণ্ডল ও সংকরী রানী দম্পতির ছেলে। বিপ্লব চন্দ্র আবির (১৫)। তিনি ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের নবম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে নামে আবির। সহপাঠীদের ভাষ্য, গোসলের সময় একপর্যায়ে সে কিছুটা ক্লান্ত হয়ে পড়লে তাকে পুকুরপাড়ে উঠিয়ে দেওয়া হয়। পরে অন্যরা আবার পানিতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও আবিরকে খুঁজে পাওয়া যায়নি।
পুকুরপাড়ে তার স্কুলব্যাগ, জুতা ও সাইকেল দেখতে পেয়ে সহপাঠীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে ধারণা করা হয়, সে আবার পানিতে নেমে নিখোঁজ হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন সহকারী রেদওয়ানুজ্জামান জানান, ডুবুরি দলের সংকট থাকায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়। এদিকে স্থানীয় দুই মৎস্যজীবী শ্রী শিবু সরকার (৪০) ও শ্রী স্বপন (৩৬) পুকুরে নেমে অনুসন্ধান চালান। পরে সন্ধ্যা ৬ টার দিকে তারা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে আবিরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি কে সমীর চন্দ্র জানান, বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর কারণে সেদিন শ্রেণি কার্যক্রম আগেই ছুটি দেওয়া হয়েছিল। সুযোগে কয়েকজন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। পরে তাদের একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান জানান, রংপুর ও কুড়িগ্রাম থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার পর বিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোক ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়। সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের ভিড়ে পুকুরপাড় ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের এই পুকুরে অতীতেও পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি বারবার ওই পুকুরে দুর্ঘটনা ঘটে পুকুরটি ভরাট করে খেলার মাঠ বানানোর বিষয়ে জেলা প্রশাসক মহোদয় কে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি পেলে পুকুরটি ভরাটের ব্যবস্থা গ্রহণ করা হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.