পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের অংশ হিসেবে সরকারি প্রণোদনার আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিনামূল্যে উন্নত জাতের নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ জুন আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোট ৩,৫০০টি নারিকেল চারা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শওকত হোসেনের আন্তরিক ও একান্ত প্রচেষ্টায় প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। যেন প্রকৃত উপকারভোগীরা এই সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে চারা হস্তান্তর করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শওকত হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রকৃত প্রান্তিক কৃষক এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে এই চারা রোপণের মাধ্যমে উপজেলার নারিকেল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
বিতরণ কার্যক্রমটি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হচ্ছে বলে কৃষি অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও সুধী সমাজ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.