নিউজ ডেস্ক ঃ
চট্টগ্রাম, ১৬ এপ্রিল ২০২৬: বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্র সম্পদের সুরক্ষাসহ সমুদ্রে রাসায়নিক দূষণ প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৭২ হাজার পিস ইয়াবা, মায়ানমারের মুদ্রা ১১ হাজার কিয়াত উদ্ধার এবং ০২ জন মাদককারবারিকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য বৃহস্পতিবার (১৬-০৪-২০২৬) ভোর ০৩ ঘটিকায় নৌবাহিনীর একটি আভিযানিক দল টেকনাফের সাবরাং উইনিয়নস্থ নয়াপাড়া এলাকায় মাদক জব্দ ও অপরাধ দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসার সাথে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামের ০২ জনকে ধাওয়া করে আটক করা হয়। আটককৃত মাদককারবারিদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি বাড়ি তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় পুতে রাখা বক্স হতে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এদিকে একই ইউনিয়নস্থ অন্য একটি অভিযানে শাহ্ পরীর দ্বীপ এলাকায় গোপন সংবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক নোঙ্গর করা ইঞ্জিন চালিত একটি কাঠের বোট হতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট হতে ৩০ হাজার পিস ইয়াবা, ০১ টি মোবাইল এবং ১১ হাজার মায়ানমারে মুদ্রা কিয়াত উদ্ধার করা হয়। পরবর্তীতে, জব্দকৃত মাদকসহ অন্যান্য মালামাল এবং আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়।
উল্লেখ্য, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.