পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে ১ কেজি ৫০০ গ্রাম (১.৫ কেজি) গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এদের মধ্যে ২১ মামলার আসামি ফারুক হোসেন ওরফে ‘সাপ ফারুক’ও রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে নেছারাবাদ থানাধীন ০২ নম্বর সোহাগদল ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের ইন্দোরহাট বাজার সংলগ্ন অটো স্ট্যান্ডের পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ বিল্লাল হোসেন (৩২),পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম গ্রামের ফারুক হোসেন হাওলাদার ওরফে সাপ ফারুক (৩৮),নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ ইয়ামিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম চোরাচালান বিরোধী ও মাদক উদ্ধার অভিযানে স্বরূপকাঠী বাজারে অবস্থান করছিল। এ সময় গোপন সূত্রে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে বিকেল ৩:৫৫ মিনিটে ইন্দোরহাট বাজার সংলগ্ন মোঃ হুমায়ুন কবির রানার অটো গ্যারেজের সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এসআই আশিক ও এএসআই তুহিন পারভেজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রানা, জামাল ও আব্বাস তাদের আটক করেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামি মোঃ বিল্লাল হোসেনের ব্যাগ থেকে ১,০০০ গ্রাম (এক কেজি) গাঁজা (আনুমানিক মূল্য ৪০,০০০ টাকা) এবং ২১ মামলার আসামি সাপ ফারুকের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ২০,০০০ টাকা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৩ নম্বর আসামি মোঃ ইয়ামিন ১ নম্বর আসামির কাছ থেকে গাঁজা কেনার জন্য সেখানে অবস্থান করছিলেন।
উদ্ধারকৃত মোট ১,৫০০ গ্রাম গাঁজা পরিমাপ শেষে বিকেল ৪:০৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক নমুনা রাখা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের নামেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় এসআই আশিক বাদী হয়ে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেছেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.