(মোঃ সোহেল রানা)
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আসাদুজ্জামান নান্নু খাঁ (৫৬)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২৯ অক্টোবর) মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৩ নম্বর আসামি নান্নু খাঁ–কে গ্রেপ্তার করা হয়। তিনি কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রাম থেকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের ছবর শেখের ছেলে মাসুদ শেখ ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। গত সোমবার সন্ধ্যায় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে মঙ্গলবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রাজনৈতিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.