মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন বিএনপি, জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমজনতা পার্টি এবং তিনজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ ২৯ ডিসেম্বর (সোমবার) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) ও জামায়াতে ইসলাম এর প্রার্থীরা দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আনোয়ারুল হক, জাতীয় পার্টির কাজী আব্দুল গফুর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. আব্দুল আহাদ, আমজনতা পার্টির ইব্রাহিম আলী মণ্ডল, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা এ জেড এম রেজওয়ানুল হক, এস এম জাকারিয়া ও প্রভাষক রোস্তম আলী।
এ সময় প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১৩৪ জন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আহম্মেদ হাছান, মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.