এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলায় এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করে তার ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর গাজীরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেটলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সমির ভট্ট (৪০) কেটলা গ্রামের বাসিন্দা। তিনি রবিন ভট্টের ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেটলা গ্রামের ইকরাম ওরফে ইক্লু মিয়ার বাগানের সামনের নির্জন স্থানে সমির ভট্টকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তার ভ্যানগাড়ি ছিনিয়ে নেয়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন সমির ভট্টকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করতে এগিয়ে আসেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। এদিকে স্থানীয়রা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করলে একই ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছিনতাইকৃত ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, স্থানীয়দের তৎপরতার কারণে দুর্বৃত্তরা ভ্যানটি ফেলে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.