শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। অবৈধভাবে খাঁচায় বন্দি করে রাখা একটি বন্য ঘুঘু পাখিকে উদ্ধার করে উন্মুক্ত আকাশে অবমুক্ত করেছেন তিনি।
রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে পাখিটি অবমুক্ত করা হয়।
ডুমুরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নির্দেশনায় গুটুদিয়া নামক স্থানে থেকে বন বিভাগের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় এক শিকারির কাছ থেকে বন্য ঘুঘু পাখিটি উদ্ধার করা হয়। পরে পাখিটিকে কোনো প্রকার আঘাত না করে সুরক্ষিতভাবে কার্যালয়ে নিয়ে আসা হয়।
পাখিটি অবমুক্তকালে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন:
"বন্যপ্রাণী আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এদের খাঁচায় বন্দি রাখা কেবল আইনত দণ্ডনীয় অপরাধই নয়, বরং পরিবেশের ভারসাম্যের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অমান্য করে যারা পাখি শিকার বা ক্রয়-বিক্রয় করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। কোনো এলাকায় পাখি শিকার বা বন্যপ্রাণী পাচারের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পাখি অবমুক্তকরণের এই মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন:
ডুমুরিয়া উপজেলা বন বিভাগের ডুমুরিয়া উপজেলা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী খান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক এস রফিক, আব্দুল লতিফ মোড়লসহ
ভূমি অফিসের নাজির ও অন্যান্য কর্মচারীবৃন্দ।
স্থানীয় পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।
প্রশাসনের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে স্থানীয় পর্যায়ে পাখি শিকারের প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.