(মোঃ সোহেল রানা)
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা বিভাগের ৩৫ টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আজ সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ঢাকায় বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেলে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের ফোনকল ও ক্ষুদে বার্তায় আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রথমবারের মতো যারা নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন, তারা কেন্দ্রীয় নেতাদের ফোন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। নিজেদের রাজনৈতিক প্রাথমিক সাফল্য হিসেবেও দেখছেন অনেকেই।
তবে প্রচারণায় সক্রিয় থেকেও আমন্ত্রণ না পাওয়ায় হতাশ মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যাও কম নয়। তারা বিভিন্নভাবে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
দলীয় সূত্র মতে, শুক্রবার রাত থেকে খুলনা বিভাগের ১০ জেলার প্রার্থীদের ফোনে ডাকা হচ্ছে। রোববার বিকেল পর্যন্ত খুলনার ছয়টি আসনে ১২ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।তবে খুলনা-৩ আসনের অধ্যক্ষ তারিকুল ইসলাম, খুলনা-৪ এর সাবেক প্রার্থী শাহ কামাল তাজ এবং খুলনা-৫ এর শফি মোহাম্মদ খান এখনও আমন্ত্রণ পাননি।
খুলনা-১ আসনে আমন্ত্রণ পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান ও সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল।আমীর এজাজ বলেন, দাকোপ-বটিয়াঘাটা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও তিনবার পরাজয়ের পরও মাঠ ছাড়েননি তিনি। কেন্দ্রের ফোনকে তিনি নিজের কাজের স্বীকৃতি হিসেবে দেখছেন।খুলনা-২ আসন থেকে ডাক পেয়েছেন সাবেক এমপি ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বর্তমান সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
মঞ্জু দীর্ঘদিন কোণঠাসা থাকলেও কেন্দ্রীয় আমন্ত্রণে তার অনুসারীরা আশাবাদী। তুহিন বলেন, রাজপথে নির্যাতন ও জেল-জুলুমের পর এবার মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।খুলনা-৩ আসনে একমাত্র আমন্ত্রিত প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।খুলনা-৪ আসনে ডাকা হয়েছে বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল ও সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে। পারভেজ বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের মূল্যায়ন পেয়েছেন তিনি।
খুলনা-৫ আসনে সাবেক এমপি আলী আজগর লবী এবং খুলনা-৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুসহ কয়েকজন নেতা আমন্ত্রণ পেয়েছেন।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জানান, নির্বাচন সামনে রেখে প্রতিটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজকের বৈঠক খুলনা বিভাগের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সূচনা হতে পারে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.